রঙিন সাজসজ্জা,আলোকসজ্জা,ধূপের সুগন্ধ, পূজার মন্ত্রোচ্চারণ,পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণে উৎসবমুখর হয়ে উঠেছে কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারের পোদ্দারপট্টি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি আনন্দ-উচ্ছ্বাস ও সাংস্কৃতিক আবহে শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) তাড়াইল বাজার স্বর্ণ শিল্পালয় মালিক-শ্রমিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকর্মা পূজা।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পোদ্দারপট্টি, তাড়াইল সদর বাজারে এ পূজার আয়োজন করা হয়। পূজাকে কেন্দ্র করে সাজানো হয় পূজাস্থল ও আশপাশের এলাকা। বর্ণিল সাজসজ্জা ও আলোকসজ্জায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো পোদ্দারপট্টিতে।
সকাল থেকেই স্বর্ণশিল্পী মালিক-শ্রমিক,পরিবারের সদস্য ও ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পূজাস্থল। যথাযথ ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিশ্বকর্মা দেবের পূজা সম্পন্ন হয়। পরে ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করেন। পূজা ও পুষ্পাঞ্জলি শেষে দুপুর থেকেই ভক্ত ও আগতদের মধ্যে প্রসাদ বিতরণ শুরু হয়। প্রসাদ গ্রহণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পূজাস্থল হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
পূজাকে ঘিরে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি ছিল আনন্দ-আড্ডা ও সাংস্কৃতিক আবহ। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়,কুশল বিনিময় ও আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে উৎসবটি পরিণত হয় মালিক-শ্রমিক ও স্থানীয়দের মিলনমেলায়।
বিশ্বকর্মা দেবের কাছে স্বর্ণশিল্পীরা নিজেদের কর্মক্ষেত্র ও ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি,নিরাপত্তা এবং সবার মঙ্গল কামনা করেন। একই সঙ্গে পরিবার ও সমাজের শান্তি-সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।
তাড়াইল বাজার স্বর্ণ শিল্পালয় মালিক-শ্রমিক সমিতির সভাপতি প্রদীপ চন্দ্র সেন ও সম্পাদক লিটন দাসের নেতৃত্বে প্রতিবছরই এ বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়ে থাকে।
ধর্মীয় উৎসব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে সমিতিটির গুরুত্বপূর্ণ ভূমিকা। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের প্রয়োজনে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমিতির সদস্যরা।
বিশেষ করে অসহায় পরিবারের মেয়ের বিয়ের সময় অর্থের সংকট দেখা দিলে সামর্থ্য অনুযায়ী বিয়ের জন্য আর্থিক সহায়তা দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তারা। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোকে সামাজিক দায়িত্ব হিসেবে দেখেন সমিতির সদস্যরা।
সমিতির নেতৃবৃন্দ জানান,বিশ্বকর্মা পূজা শুধু ধর্মীয় আচার পালনের একটি দিন নয়;এটি মালিক-শ্রমিকদের পারস্পরিক সৌহার্দ্য,সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগিরও একটি উপলক্ষ। আর সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করাও তাদের নিয়মিত প্রচেষ্টার অংশ।
সব মিলিয়ে তাড়াইল সদর বাজারের পোদ্দারপট্টিতে বিশ্বকর্মা পূজা হয়ে ওঠে ধর্মীয় বিশ্বাস,উৎসবের আনন্দ,সাংস্কৃতিক আবহ,প্রসাদ বিতরণ ও মানবিকতার এক সুন্দর মিলনমেলা।
মতামত