আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পৌর শহরের এআর প্লাস কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রেজানুল হাবিব রফিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন পাতা, যুগ্ন আহবায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউক, চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, কোচাশহর ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল হক জাহিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক গোবিন্দ কুমার দাস প্রমুখ।
এছাড়া সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নির্বাচনে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। বিএনপি যাকে সমর্থন দেবে, দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে মাঠে কাজ করবেন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সাংগঠনিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মতামত