আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহিমাগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক আলমগীর কবির মহাসীন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চারমাথায় বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ এবং সদস্য সচিব রেজানুল হাবিব রফিকের নিকট থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
জানা গেছে, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আলমগীর কবির মহাসীন। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পর বর্তমানে তিনি মহিমাগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
আলমগীর কবির মহাসীন বলেন, মহিমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। সুযোগ পেলে নির্বাচিত হয়ে ইউনিয়নের শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করব।
তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত ও তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে বিএনপির মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিয়ে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করবেন।
এদিকে তাঁর মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
মতামত