দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদকের কুফল ও ভয়াবহতা রোধে গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় খাগড়াবন্দ শাহগঞ্জের হাটে আয়োজিত এ সভায় মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মো. সাজেদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
মুক্ত আলোচনায় স্থানীয় বাসিন্দারা মাদক প্রতিরোধে বিভিন্ন সমস্যা ও করণীয় তুলে ধরেন। স্থানীয় হায়দার আলী বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রথমেই এলাকাভিত্তিক মাদকবিরোধী কমিটি গঠন করা প্রয়োজন।
বন পাহারায় নিয়োজিত শাহাজাহান তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিযোগ করেন, কুইক চিকস-৫ সংলগ্ন একটি বাড়ি, পাশের সেতুর নিচে তৈরি করা কৃত্রিম ঘর ও বেতবাগানকে মাদক লেনদেনের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি এসব স্থানে নজরদারি বাড়ানোর দাবি জানান।
সিনিয়র শিক্ষক রেজাউল আলম শাহ মাদকের ভয়াবহতার বিভিন্ন দিক তুলে ধরে তা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেন। বিএনপি নেতা মেজবাহুল হক দল-মত নির্বিশেষে মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আনজুম আরা মাদকাসক্ত ও ক্যাসিনো-সংশ্লিষ্টতার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিজ্ঞতা তুলে ধরে মাদক প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন।
মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমাজসচেতন ব্যক্তি খন্দকার এইচ আর হাবিব চেয়ারম্যানের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি পাড়া-মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন, মাদক কারবারিদের চিহ্নিতকরণ, মাদকের সহজলভ্যতা রোধ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ক্লাবগুলোর মাধ্যমে নিয়মিত সেমিনার ও প্রচার কার্যক্রম চালানোর প্রস্তাব দেন।
তিনি আরও বলেন, একজন ব্যক্তির পক্ষে একা মাদক প্রতিরোধ করা সম্ভব নয়। জনসম্পৃক্ততা, গণসচেতনতা এবং প্রশাসনের আন্তরিক সহযোগিতার সমন্বিত উদ্যোগই মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি পুলিশের কোনো কোনো সদস্যের কথিত দ্বিচারিতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদক ও ক্যাসিনোর ভয়াবহতা রোধে নীরব থাকার সুযোগ নেই। একটি পরিবার থেকে এর প্রভাব অন্য অনেক পরিবারে ছড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কোনো অভিভাবকই চান না তাঁর সন্তান মাদকাসক্ত হোক। পরিস্থিতি ও পরিবেশ অনেক পরিবারকে এ সমস্যার মুখোমুখি করছে। তাই সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
সভায় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব তোছাদ্দেক হোসেন শাহ, আলহাজ্ব আলফাজ হোসেন (অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা), মহিলা সদস্য জাফরিন নাহার, মো. মোকাররম হোসেন, মো. আতাউর রহমান, মো. মোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আলাউদ্দিন পাইকার।
মতামত