বগুড়ার ধুনট পৌর ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে পৌরসভার ৯টি ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্যে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, “আমরা সকলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ছাত্ররাজনীতি করি। যে নেতার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন। সেই আদর্শ ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পথ চলে।”
তিনি বলেন, “আমরা দেখেছি ১৯৯০ সালে আপসহীন দেশনেত্রী প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া খুনি এরশাদের পতন ঘটিয়ে বাংলাদেশকে উদ্ধার করেছিলেন। গত ১৭ বছরে বাংলাদেশে যে অন্যায়-জুলুম হয়েছে, ঘুম, খুন, ধর্ষণসহ এমন কোনো অপরাধ নেই, যার অভিযোগ বিগত খুনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ওঠেনি। ধুনটের মানুষও দীর্ঘদিন নানা অন্যায়-জুলুম ও কষ্টের শিকার হয়েছেন।”
হাবিবুর রশিদ সন্ধান বলেন, “আমরা যে নেতার আদর্শ ধারণ করি, সেই আদর্শকে সামনে রেখে প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমাদের এগিয়ে যেতে হবে। আজকের পর যারা নেতৃত্ব পাবেন, তাদের মানুষের জন্য কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “নেতৃত্বে থাকা কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেই ছাত্রদলের নতুন নেতৃত্বকে কাজ করতে হবে।”
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.আর হাসান পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা ও সদস্য সচিব সোহাগ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ধুনট পৌর ছাত্রদলের আহ্বায়ক একে মিনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ জাকারিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সম্মেলনে ধুনট পৌরসভার ৯টি ওয়ার্ডে নতুন কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে আরও সক্রিয় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
মতামত