দিনাজপুরের পার্বতীপুরে স্বামীর কথিত পরকীয়ার প্রতিবাদ করায় ফাল্গুনি রায় (২৪) নামে এক গৃহবধূকে লোহার সাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামী কনক রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ফাল্গুনি রায় উপজেলার মন্মথপুর ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবা নব কান্ত রায় ও মা বাসন্তী রানীর অভিযোগ, বিয়ের পর থেকেই কনক রায় বিভিন্ন সময় ফাল্গুনিকে নির্যাতন করতেন। এর মধ্যে অন্য এক নারীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক রয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, স্বামীর নির্যাতন ও কথিত পরকীয়ার বিষয় নিয়ে সম্প্রতি ফাল্গুনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। গতকাল মন্মথপুর ইউনিয়নের এক জনপ্রতিনিধির মধ্যস্থতায় ফাল্গুনিকে আবার স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।
নিহতের পরিবারের দাবি, স্বামীর বাড়িতে ফেরার পর ফাল্গুনি আবারও কনক রায়ের সঙ্গে অন্য এক নারীর কথিত সম্পর্কের বিষয়টি দেখতে পান। এ নিয়ে স্বামীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কনক রায় লোহার সাবল দিয়ে ফাল্গুনির মাথায় সজোরে আঘাত করেন বলে অভিযোগ পরিবারের।
পরে গুরুতর আহত অবস্থায় ফাল্গুনিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনক রায়কে আটক করে থানায় নিয়ে যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, কনক রায়কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাছে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত