নওগাঁর মান্দায় যথাযথ কাগজপত্র ছাড়াই পুরোনো ইটভাটা ভেঙে নতুন করে নির্মাণকাজ চালু রাখার অভিযোগে মেসার্স এআরএ ব্রিকস নামের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলার মৈনম ইউনিয়নের কানার মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর ও নওগাঁ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। এ সময় যথাযথ কাগজপত্র ছাড়াই পুরোনো ইটভাটা ভেঙে নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ চালু রাখার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়। পরে এক লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য ভাটার কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকারী মো. নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষা ও সরকারি বিধিবিধান বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো ইটভাটার নির্মাণকাজ পরিচালনা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত