‘মাদককে না বলুন’, ‘মাদকমুক্ত সমাজ গড়ুন’ এমন নানা স্লোগানে সরব হয়ে ওঠে বগুড়ার জহুরুল নগর এলাকা। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বানে সরকারি আজিজুল হক কলেজসংলগ্ন এলাকায় মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলটি জহুরুল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী, ছাত্রনেতা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে মাদকের ভয়াবহতা ও সামাজিক ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয় এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এ কে এম আজাদুর রহমান আজাদ, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ শেখ, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ আহমেদ, ইমরুল কায়সার (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত), আল আমিন সনি, আব্দুল মোহাইমেন ফয়সাল ও সাবেক ছাত্রনেতা শাহিদ শেখ।
এছাড়া দর্শন বিভাগ ছাত্রদলের আহ্বায়ক মাজেদুর ইসলাম মারুফ, রসায়ন বিভাগের আহ্বায়ক জোবায়ের, বাংলা বিভাগের আহ্বায়ক রিজভী, ভূগোল ও পরিবেশ বিভাগের আহ্বায়ক রকি, ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাফি হাসান, মনোবিজ্ঞান বিভাগের আহ্বায়ক পারভেজ, ইতিহাস বিভাগের আহ্বায়ক মিজান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আহ্বায়ক নাঈম উপস্থিত ছিলেন।
মিছিলে ছাত্রনেতা আসিফ, সজল, স্বাধীন, জাহিদ, রাতিন মাসুদ, মুরাদ, মিঠুল, রোহান, সামিনুর ও সামিউলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি জহুরুল নগর এলাকায় বসবাসকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য দেখা যায় মিছিলজুড়ে।
আয়োজকরা জানান, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিস্তার রোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণকে সচেতন হতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
মতামত