শিক্ষা ও জ্ঞানচর্চার প্রসার, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা স্বর্ণপদক ২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ নাহিদ উজ্জামান।
South Asia United Organization (SAUO)-এর উদ্যোগে আয়োজিত এ সম্মাননায় নাহিদ উজ্জামানকে স্বর্ণপদকের পাশাপাশি ১ লাখ টাকা সমমূল্যের একটি স্বর্ণের চেইন প্রদান করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার বাসিন্দা নাহিদ উজ্জামান দীর্ঘদিন ধরে শিক্ষা, জ্ঞানচর্চা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতা, বৃক্ষরোপণ, শিক্ষা বিস্তার এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
বিশেষ করে ‘শান্তি নিবিড় পাঠাগার’ প্রতিষ্ঠার মাধ্যমে শিশু-কিশোর ও শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ তৈরি এবং জ্ঞানচর্চায় উৎসাহিত করার ক্ষেত্রে তিনি কাজ করে যাচ্ছেন। পাঠাগারকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
SAUO-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নীরবে অবদান রেখে যাওয়া ব্যক্তিদের উৎসাহিত করা এবং তাঁদের কর্মকাণ্ডের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ সম্মাননা আয়োজন করা হয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মোঃ নাহিদ উজ্জামানের হাতে মাদার তেরেসা স্বর্ণপদক, বিশেষ সম্মাননা এবং ১ লাখ টাকা সমমূল্যের স্বর্ণের চেইন তুলে দেওয়ার কথা রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মাননা নাহিদ উজ্জামানের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার পাশাপাশি শিক্ষা, মানবিকতা ও সমাজকল্যাণে অন্যদেরও অনুপ্রাণিত করবে।
মতামত