নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করতে ‘আমার কুমিল্লা’ নামে একটি নাগরিক সেবা অ্যাপ চালু করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। নতুন এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই নগরের বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবা-সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন নগরবাসী।
সোমবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশন জানিয়েছে, নগরের কোনো এলাকায় ডাস্টবিন পরিষ্কার না হলে, সড়কবাতি না জ্বললে, পানি সরবরাহে সমস্যা হলে কিংবা অবৈধ দখলের মতো নাগরিক সমস্যা দেখা দিলে অ্যাপের মাধ্যমে ছবি বা ভিডিও তুলে অভিযোগ করা যাবে। অভিযোগ গ্রহণের পর সেটির কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা-ও অ্যাপের মাধ্যমে জানতে পারবেন নাগরিকরা।
অ্যাপটির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণ, রাস্তাঘাট ও পয়ঃনিষ্কাশন, সড়কবাতি, টেন্ডার ব্যবস্থাপনা, পানি সরবরাহ এবং বিভিন্ন অবৈধ স্থাপনা নিয়েও অভিযোগ ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, নগরে থাকা ৩২০টি ডাস্টবিন সময়মতো পরিষ্কার না হলে ছবি তুলে বিস্তারিত তথ্যসহ অ্যাপে অভিযোগ পাঠানো যাবে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে সেখানে রিভিউ বা মন্তব্য করার সুযোগও রাখা হয়েছে।
সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, নাগরিক সুবিধা আরও দ্রুত ও সহজতর করতে অ্যাপটি চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকদের অভিযোগ দ্রুত গ্রহণের পাশাপাশি অভিযোগের ভিত্তিতে সমাধান বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
তিনি আরও জানান, কোনো অভিযোগ পাওয়ার পর তা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। দায়িত্ব পালনে কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সিটি করপোরেশন জানিয়েছে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে নগরবাসীর সঙ্গে সিটি করপোরেশনের যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি বিভিন্ন নাগরিক সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।
মতামত