বান্দরবানের আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনের বিরুদ্ধে প্রায় ১ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা ও সাংবাদিককে হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিকার চেয়ে স্থানীয় সাংবাদিক মো. আমির হোসাইন ছাদেকী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কাছে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, ২০২০ সালের ১৭ নভেম্বর তৎকালীন চেয়ারম্যান ফেরদৌস রহমানের সঙ্গে মৌখিক সমঝোতার ভিত্তিতে ইউনিয়ন পরিষদের মালিকানাধীন একটি কক্ষ দোকান হিসেবে ব্যবহারের অনুমতি পান আমির হোসাইন। দোকান প্রস্তুতের ব্যয় বাবদ ৪৯ হাজার ২৫০ টাকা সালামি এবং মাসিক ৮০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। পরে নিজ অর্থায়নে দোকান প্রস্তুত করে ব্যবসা করে আসছিলেন তিনি।
অভিযোগকারীর দাবি, বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর তার বড় ভাই মুনির ছাদেকীকে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেন। এরপর বিভিন্ন খাতে উদ্যোক্তার আয় থেকে মোট ১ লাখ ৩৭ হাজার ৭০০ টাকা কর্তন করা হলেও ওই অর্থের হিসাব বা পাওনা টাকা ফেরত দেওয়া হয়নি।
এ ছাড়া ভোটার তালিকা হালনাগাদের কথা বলে ১ হাজার টাকা এবং ডিপ টিউবওয়েল, মোটর ও ১ হাজার লিটারের পানির ট্যাংক দেওয়ার কথা বলে ২১ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেছেন তিনি। পাশের দোকানদারের কাছ থেকেও ২০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে দীর্ঘ সময়েও টিউবওয়েল স্থাপন বা টাকা ফেরত দেওয়া হয়নি। একইভাবে আরও কয়েকটি পরিবারের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের আকস্মিক পরিদর্শনের পর পরিষদের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যান তার ওপর ক্ষুব্ধ হন। পরে হুমকি ও হয়রানির আশঙ্কায় ২৫ সেপ্টেম্বর থানায় অভিযোগ করেন তিনি।
এর ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর চেয়ারম্যানের স্বাক্ষরিত নোটিশে ১৫ কার্যদিবসের মধ্যে বকেয়া ভাড়া পরিশোধ করে দোকান ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অভিযোগকারীর দাবি, নোটিশে তার দেওয়া ৪৯ হাজার ২৫০ টাকা সালামির বিষয়টি উল্লেখ করা হয়নি।
অভিযোগকারী বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা, পাওনা অর্থ ফেরত এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান জয়নাল আবেদীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



মতামত