ঝালকাঠি জেলা পুলিশের সদস্যদের সন্তানদের শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ+ (A+) অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মেধাবৃত্তি, সম্মানী, ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা তুলে দেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।
অনুষ্ঠানে পুলিশ সুপার মেরিন সুলতানা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এ অর্জন শুধু তাদের বাবা-মায়ের জন্যই নয়, জেলা পুলিশের জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও কৃতিত্ব অর্জনের মাধ্যমে নিজেদের এবং পরিবারের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সন্তানদের শিক্ষাজীবনে সাফল্য অর্জনে অভিভাবকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মব্যস্ততার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার প্রতি নজর রাখা এবং তাদের উৎসাহিত করার মাধ্যমে অভিভাবকেরা ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নিতে পারেন।
এ সময় কৃতী শিক্ষার্থীরা তাদের সাফল্যের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট, সম্মানী ও সম্মাননা সনদ পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা পুলিশের এ উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও লেখাপড়ায় আরও মনোযোগী ও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
মতামত