কিশোরগঞ্জের তাড়াইলে জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে কৃতিত্বের স্বাক্ষর রেখে পুরস্কৃত হয়েছেন তাদরীসুল কোরআন মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থী খলিলুর রহমান ও মাহদি হাসান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসা চত্বরে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তাড়াইলের বিভিন্ন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবং আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন,তাড়াইল উপজেলা শাখার আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে তাড়াইলের আক্তার আছেফা মেমোরিয়াল ট্রাস্ট।
অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা সাব্বির আহমদ রশীদ বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
তাদরীসুল কোরআন মাদরাসার দুই শিক্ষার্থীর এ অর্জনে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।মাদরাসার পরিচালক মাওলানা মামুনুর রশীদ ও সহকারী পরিচালক হাফেজ মাওলানা হুমায়ূন আব্দুর রহীম বলেন, হিফজুল কোরআন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনোযোগ ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তাদের কোরআন হিফজে আরও উৎসাহিত করবে।
দুই শিক্ষার্থীর সাফল্যে তারা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং প্রতিযোগিতার আয়োজক, সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মতামত