গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আসন্ন কামারসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল হক রিপনের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নে আয়োজিত এ শোডাউনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
শোডাউনটি ফাঁসিতলা একরামুল হক আইডিয়াল অ্যান্ড কম্পিউটার বিজ্ঞান কলেজ থেকে শুরু হয়ে কামারদহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।
শোডাউন চলাকালে অংশগ্রহণকারীরা কাজী রিপনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে তার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন তারা।
পথিমধ্যে বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী কাজী এহসানুল হক রিপন। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
শোডাউন শেষে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী এহসানুল হক রিপন সাংবাদিকদের বলেন, আমি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সেবা করতে চাই। এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, উন্নত যোগাযোগব্যবস্থা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার। জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, বৈষম্যহীন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বিএনপির দলীয় মনোনয়ন বা সমর্থন পেলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে কামারদহ ইউনিয়নের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।
স্থানীয়দের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের গণসংযোগ ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইতিমধ্যে কামারদহ ইউনিয়নে নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে।
মতামত