আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নোয়াখালীতে পূজামণ্ডপগুলোর আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে পুলিশ ও পূজা সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ, নোয়াখালীর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ পূজা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পূজামণ্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন এবং সেগুলো সার্বক্ষণিক সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
একই সঙ্গে পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা অবলম্বন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাটি সঞ্চালনা করেন আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।
সভায় আরও উপস্থিত ছিলেন আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নোয়াখালী; মোঃ সালাউদ্দিন ভূঁইয়া, উপ-পরিচালক, এনএসআই, নোয়াখালী; মোঃ ফুজায়েল কবির সরকার, স্কোয়াড কমান্ডার, এসআরবি-১১; মোঃ তরিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নোয়াখালী; মোঃ দেলোয়ার হোসেন, ডিজিএফআই, নোয়াখালী; মোঃ শামসুল আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নোয়াখালী এবং কামাখ্যা চন্দ্র দাস, কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, নোয়াখালী।
এছাড়াও সভায় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিআইও-১, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা ও উপজেলা পর্যায়ের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ পূজা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতা, পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতামত