গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ কবিরের বিরুদ্ধে এক বিধবা নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বিধবা মনিকা বেওয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ৬ মাস ধরে একটি অচেনা ফোন নাম্বার থেকে ভুক্তভোগীর হোয়াইটসএ্যাপ নাম্বারে ফোন দিয়ে প্রেমের নামে কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে বিধবা ও তার পরিবারের লোকজন ফিরোজকে নিষেধ করলে, সে উল্টো তাদের ভয়ভীতি ও হুমকি দিতে থাকে৷ বাধ্য হয়ে ভুক্তভোগী নারী ওই নাম্বার ব্লক করে দিলে, সে বিভিন্ন নাম্বার থেকে কল করে তাকে নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হলে তাকে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। এমতাবস্থায় গত ২ অক্টোবর রাত সোয়া ১২টার দিকে ইউপি সদস্য ফিরোজ কবির বিবস্ত্র হয়ে মনিকার হোয়াইটসএ্যাপে কল দিয়ে কুপ্রস্তাব দেয়৷ এতে সে রাজি না হলে তাকে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়৷
বিধবা মনিকা বেওয়া বলেন, বিষয়টি আমাদের ওয়ার্ডের ইউপি সদস্য সহ বেশ কয়েকজন ব্যক্তিকে জানাই। তখন তারা আমার কাছে প্রমাণ চায়। পরবর্তীতে সে উলঙ্গ হয়ে আমাকে হোয়াইটসএ্যাপে ভিডিও কল করলে আমি স্ক্রীনশট নিয়ে তাদের দেখাই। তাদের ব্যবস্থা নেওয়ার কথা বললে তারা আমাকে থানায় অভিযোগ করতে বলে। শেষে আমি বাধ্য হয়ে থানায় অভিযোগ করি।
তিনি আরও বলেন, আমি একজন বিধবা নারী, একা একটা ছোট বাচ্চা নিয়ে থাকি। সে ফোনে খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চাই৷ আগামীতে কোনো নারীকে যেন এমন অবস্থার মধ্যদিয়ে যেতে না হয়। একজন পাগলও গায়ে চটের বস্তা পড়ে থাকে, উলঙ্গ হয় না। অথচ সে একজন জনপ্রতিনিধি হয়ে কেন এমন করবে? আমি তাকে চিনি না কিংবা তার সাথে আমার কোনো কথাবার্তা নাই। কোন স্বাভাবিক মানুষ কি এ ধরনের ব্যবহার করতে পারে?
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত