সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এতে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে কয়েকদিন ধরে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। বুধবার সকালে বিভিন্ন গ্রামের লোকজন ঘটনাস্থলের আশপাশে জড়ো হলেও সেখানে পুলিশ উপস্থিত থাকায় তখন কোনো সংঘর্ষ হয়নি।
পরে দুপুরে এক পক্ষ নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তাহিরপুরের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব) এস এম ফজলে রাব্বী রাজিব বলেন, রাতে মাইকিংয়ের পর সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। পুলিশের উপস্থিতির কারণে সকালে কোনো সংঘর্ষ হয়নি। পরে দুপুরে এক পক্ষ নৌকাযোগে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যারা সংঘর্ষে উসকানি দিয়েছে, তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। সংঘর্ষে চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মতামত