ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার মধ্যেরগাতী এলাকায় অবস্থিত মিফতাহুল জান্নাহ্ মহিলা মাদরাসার নাজেরা বিভাগের ১২ শিক্ষার্থীর পবিত্র কুরআন খতম উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. নুরুল ইসলাম। তিনি বক্তব্য দেওয়ার পাশাপাশি দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাইখীর বনচাকী কামিল মাদরাসার আরবি প্রভাষক এবং বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমাদ, বোয়ালমারী বাজারের ব্যবসায়ী এরশাদ মোল্যা এবং মাদরাসার শিক্ষক হাফেজ কারী আব্দুস সালাম।
বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা, তা অনুযায়ী আমল এবং ইসলামী আদর্শে জীবন গঠনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, কুরআন শিক্ষা শুধু তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর শিক্ষা ও আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা প্রয়োজন। শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও উত্তম চরিত্র গঠনের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে কুরআন খতম সম্পন্ন করা ১২ শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মিফতাহুল জান্নাহ্ মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম মাওলানা মো. রফিকুল ইসলাম।
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে আদর্শ নূরানী মক্তব, নাজেরা ও জামাত বিভাগে আবাসিক ও অনাবাসিক ব্যবস্থায় ছাত্রী ভর্তি চলছে। আগ্রহীরা মধ্যেরগাতী পৌর এলাকায়, করারণ খেলার মাঠের সংলগ্ন পশ্চিম পাশে অবস্থিত মাদরাসায় যোগাযোগ করতে পারবেন। বিস্তারিত জানতে ০১৯২৪-৬৪৫৭৫৩ ও ০১৭৩৭-৮৮৯৫২৩ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
মতামত