সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শেরপুরবাসীসহ বাংলাদেশ ও বিশ্বের সব হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু।
সম্প্রতি এক যৌথ শুভেচ্ছা বার্তায় তারা বলেন, বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অন্যতম সৌন্দর্য হলো বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ সবাইকে একই বন্ধনে আবদ্ধ করে রেখেছে।
তারা বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। উৎসবের এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের ঘরে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নিশ্চিন্তে এবং নিরাপদে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য তারা প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
শহিদুল ইসলাম বাবলু ও রফিকুল ইসলাম মিন্টু আরও বলেন, “আমরা বিশ্বাস করি - ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।” প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা একটি সম্প্রীতিময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একে অপরের পাশে দাঁড়িয়ে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
তারা আরও বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। পূজামণ্ডপসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। পাশাপাশি উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান। সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব আনন্দময় ও নির্বিঘ্ন হোক - এটাই তাদের প্রত্যাশা।
মতামত