গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন সাপমারা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালাশপুর এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন সরকার।
উঠান বৈঠকে তিনি এলাকাবাসীর সাথে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও ভোটারদের প্রত্যাশার কথা শোনেন। এ সময় এলাকার রাস্তাঘাট, সেতু-কালভার্ট, নাগরিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয়রা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
মনির হোসেন সরকার বলেন, ৯নং ওয়ার্ডে যেহেতু চেয়ারম্যান প্রার্থী নাই। তাহলে আমি এককভাবে চেয়ারম্যান প্রার্থী আছি। অবশ্যই আমি দলের মনোনয়ন পাব এবং দলের সবুজ সংকেত পেয়ে আমি উঠান বৈঠক করতেছি। আর যারা দলীয় মনোনয়ন প্রত্যাশী আছেন, তারা কেউ নির্বাচনী মাঠে নেই। তারা শুধু হাটে-বাজারে গিয়ে চা খাচ্ছে। তারা বুঝে গেছে, ভয়ে আছে। তারা জানে এবার নমিনেশন মনির পাবে। এজন্য তারা নিজেদের গুটিয়ে নিচ্ছে। নির্বাচনের মাঠে থাকা লাগবে এজন্য কিন্তু তারা মাঠে আছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভুল করবেন না। খালাশপুরের মানুষকে আমি আমার পরিবারের লোক মনে করি। এই গ্রামের যেকোনো বাড়িতে আমি যেতে পারব, খেতে পারব। আমার এমন সৎ সাহস আছে৷ তাহলে খালাশপুর আমার বাড়ি। আমি যদি এই গ্রামের সন্তান হয়ে থাকি, আমি যদি আপনাদের সন্তান হয়ে থাকি। তাহলে আপনারা অবশ্যই আমাকে সমর্থন দিবেন, সহযোগিতা করবেন এবং আমার পাশে থাকবেন।
তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অন্য ১৬টি ইউনিয়নের চেয়ে সাপমারা ইউনিয়নে বেশি উন্নয়ন হবে ইনশাআল্লাহ৷ যেহেতু ভোটের মাঠে আমি নেমেছি, সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকব৷ সর্বোচ্চ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট এই সাপমারা ইউনিয়নে হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ক্ষমতার অপব্যবহার এই সাপমারার ইউনিয়নের মাটিতে হবে না। আমি কথা দিচ্ছি আপনাদের নিয়ে এই বিজয় অর্জন করব। এই ভোটে যদি কেউ যদি বাঁধা দিতে আসে, ঝামেলা করতে আসে তাকে কোনো ছাড় দেওয়া হবে না, সেই শক্তি বা ক্ষমতা আমার আছে। আপনারা আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন৷ সাপমারার উন্নয়নে আমার সবকিছু বিলিয়ে দিয়ে আপনাদের সেবক হতে চাই। আমি আপনাদের খাদেম হতে চাই। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি এবং আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান বানায়, তাহলে আমি এলাকার উন্নয়নে সর্বোচ্চ দিয়ে আমি আমার বাকি জীবন আপনাদের জন্য উৎসর্গ করব।
হারুনুর রশিদের সভাপতিত্বে এবং জাহিদুল ইসলামের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী বাদশা, পৌর জাসাসের সদস্য সচিব শামীম সরকার, শফিকুল ইসলাম তরু, মাজেদুল ইসলাম, আফজাল হোসেন, জিল্লুর রহমান, আব্দুর রশিদ, ইব্রাহিম মন্ডল, ওয়েজ কুরানী মন্ডল, শেখ সাদী, আসিফ প্রমুখ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত