সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়াবাসীসহ বাংলাদেশ ও বিশ্বের সকল হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সম্প্রতি এক যৌথ শুভেচ্ছা বার্তায় তারা বলেন, বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অন্যতম সৌন্দর্য হলো বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ সবাইকে একই বন্ধনে আবদ্ধ করে রেখেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য, আর এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব।
তারা আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। উৎসবের এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের ঘরে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নিশ্চিন্তে এবং নিরাপদে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
হাবিবুর রশিদ সন্ধান সরকার ও এম আর হাসান পলাশ বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।” প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা একটি সম্প্রীতিময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একে অপরের পাশে দাঁড়িয়ে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। কোনো নাগরিক যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য বা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।
তারা বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। পূজামণ্ডপসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মী, সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। পাশাপাশি উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান। সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব আনন্দময় ও নির্বিঘ্ন হোক - এটাই তাদের প্রত্যাশা।
এদিকে, বগুড়া জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
মতামত