বান্দরবান পার্বত্য জেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ‘দিনব্যাপী বাছাইকৃত দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”— স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ শিক্ষা শিবিরে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ট্রেড ইউনিয়নের গুরুত্ব এবং সংগঠনের দায়িত্বশীলদের কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান পার্বত্য জেলার সভাপতি ফারুক আহমেদ। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি তৌফিকুল ইসলাম। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া। তিনি ‘সেক্টর ও ট্রেড ইউনিয়নের গুরুত্ব’ শীর্ষক আলোচনায় শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং সেক্টরভিত্তিক দাবি আদায়ে সংগঠিত ট্রেড ইউনিয়নের ভূমিকা তুলে ধরেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি মু. ইসহাক। ‘দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সংগঠকদের সততা, আমানতদারিতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শ্রমজীবী মানুষের আস্থা অর্জন এবং সংগঠনকে গতিশীল করতে প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান জামায়াতে ইসলামীর তারবিয়াত সেক্রেটারি অধ্যাপক হামেদ হাসান।
বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষা শিবিরে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাছাইকৃত দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
মতামত