এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মণিরামপুর পৌরসভার সাপ্লাই পানির পাইপে বৈদ্যুতিক খুঁটির আঘাতে ফাটল সৃষ্টি হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এতে পৌরসভার পাঁচটি গ্রামের বাসিন্দারা পানি সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছেন।
অভিযোগ উঠেছে, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মণিরামপুর শাখার আওতায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় এ ক্ষতি হয়েছে। সরকারি রাস্তার পাশে পৌরসভার প্রকৌশল শাখার সাপ্লাই পানির পাইপ থাকা সত্ত্বেও সেখানে খুঁটি স্থাপনকে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন মণিরামপুর পৌরসভার তপু রশিদ বিশ্বাস।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মণিরামপুর সরকারি মহিলা কলেজের সামনে দৃশ্যমান ওই ফাটল দিয়ে দিনভর বিরতিহীনভাবে পানি বের হতে দেখা যায়। এতে একদিকে পানির অপচয় হচ্ছে, অন্যদিকে গত শুক্রবার সন্ধ্যা থেকে মোহনপুর, তাহেরপুর, বিজয়রামপুর, কামালপুর ও দুর্গাপুর এলাকার বাসিন্দারা পৌরসভার সরবরাহ করা পানি থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে বলা হয়। পরে মুঠোফোনে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দ্রুত সমস্যাটি সমাধানের আশ্বাস দেন।
মতামত