কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের একই পরিবারের চার সদস্য। তাঁরা হলেন মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান তুহিন, তাঁর স্ত্রী আফসানা এবং তাঁদের দুই মেয়ে রোবাইনা (৭) ও সুনাইনা (৩)। তাঁদের সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় কাটাচ্ছেন স্বজনেরা।
ছবিঃ নাহিদুর রহমান তুহিন ও তার স্ত্রী আফসানা।
শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় অবস্থিত সম্পূর্ণ কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত ৩ তলা বিশিষ্ট রিসোর্টটিতে আগুন লাগে। এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় কয়েকজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদুর রহমান তুহিন চাকরির সুবাদে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। তাঁদের গ্রামের বাড়ি মণিরামপুর পৌরসভার মোহনপুর কামারপাড়া এলাকায়।
তুহিনের বড় ভাই জাহিদুর রহমান প্রিন্স জানান, তাঁর ভাই শুক্রবার কক্সবাজার যাওয়ার কথা জানিয়েছিলেন। শনিবার রিসোর্টে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তিনি ভাইয়ের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু নাহিদুর কিংবা তাঁর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
নাহিদুর ঢাকার শ্যামলীতে গ্র্যান্ড পাওয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাঁর কর্মস্থলের সহকর্মীরাও যোগাযোগের চেষ্টা করেন। তবে তাঁর সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, নাহিদুর রহমান তুহিন ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত টুপটুপ রিসোর্টের একটি কক্ষ বুকিং দিয়েছিলেন। বুকিং অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) দুপুর ১টায় তাঁদের রিসোর্ট ছাড়ার কথা ছিল।
ছবিঃ টুপটুপ রিসোর্টে কক্ষ বুকিংয়ের বিল কপি
কক্সবাজারের ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন রয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, নাহিদুর নিখোঁজ রয়েছেন বলে তাঁরা তথ্য পেয়েছেন। তবে তাঁর পরিবারের অন্য সদস্যদের বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি।
(চলতি প্রতিবেদন লেখা পর্যন্ত নাহিদুর রহমান তুহিন, তাঁর স্ত্রী ও দুই মেয়ের সন্ধান পাওয়া কিংবা তাঁদের মরদেহ শনাক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।)
পরবর্তী আপডেট জানানো হবে......



মতামত