শিরোনাম :নতুন শহরে নতুন মানুষ, নতুন সংস্কৃতি।
হাজারো স্বপ্ন ব্যাগে ভরে বাড়ি ছেড়েছিলাম; নতুন শহরের অচেনা পথে সেদিন প্রথম পা রেখেছিলাম। নতুন শহর, নতুন জায়গা—কত মানুষের সঙ্গে যে দেখা হলো! কেউ এসেছে দেশের এক প্রান্ত থেকে, কেউ আরেক প্রান্ত থেকে। দুঃখিত, নিজের পরিচয়টাই তো দেওয়া হয়নি! আমি সিয়াম, উত্তরবঙ্গের জেলা জয়পুরহাটের ছেলে। পরিচয় না হয় এটুকুই থাক।
নতুন শহরের নতুন সংস্কৃতি, নতুন মানুষ—শহরে পা রাখতে না রাখতেই প্রথম পরিচয় হলো চট্টগ্রামের একজনের সঙ্গে। কিছুক্ষণ পর কথা বলতে গিয়ে পড়লাম বিপদে। সে কী বলছিল, আমি একবর্ণও বুঝতে পারছিলাম না। আমার হাঁ করা মুখ দেখেই সে বুঝে গেল, কিছুই বুঝিনি। তারপর প্রতিটি শব্দের মানে বুঝিয়ে দিতেই আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে ফেললাম। সেই হাসিতেই শেষ হলো আমাদের প্রথম আলাপ। এরপর তার সঙ্গে অনেকবার দেখা হয়েছে, কিন্তু ভাষা আর কখনো দেয়াল হয়ে দাঁড়ায়নি।
এই শহরের অনেক কিছুর মতো এখানকার খাবারও ভালো লেগেছে। তবে সব খাবার যে প্রথম দেখাতেই মন কেড়েছে, তা নয়।
বাজারে গিয়ে শাপলার ডাঁটা দেখে একটু অবাকই হয়েছিলাম। ভেবেছিলাম, সৌন্দর্যের জন্যই বুঝি শাপলা বিক্রি হচ্ছে। একটু পরে দেখি, মানুষ ডাঁটাগুলোই কিনে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করে জানলাম, আমাদের উত্তরবঙ্গে কচুর লতি যেভাবে রান্না হয়, এখানে শাপলার ডাঁটাও ঠিক সেভাবেই রান্না হয়। অচেনা জিনিসের সঙ্গে চেনা স্বাদের এমন মিল পেয়ে ভারি ভালো লেগেছিল।
নতুন মানুষ, নতুন সংস্কৃতি—এভাবে প্রতিদিন নতুন কিছু শিখতে শিখতেই কাটছে এই শহরের দিনগুলো।
নাম : মো সাফায়াত হোসাইন সিয়াম।
ডিপার্টমেন্ট : এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন।
সেশন :২০২৫-২৬।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মতামত