গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সীমানা প্রাচীরসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর (পাছপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী নূরে আলম সিদ্দিক বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷
অভিযুক্তরা হলেন - ওই এলাকায় মৃত আকবর আলীর ছেলে নাজিম উদ্দিন (৫৫), মৃত হবিবর রহমানের ছেলে আব্দুল আউয়াল (৩৫), মৃত সাহেব আলীর ছেলে আব্দুস সামাদ (৫৯), দুদু মিয়ার ছেলে জাকির হোসেন (২৫), মৃত নঈম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ফকির (৪২) সহ অজ্ঞাত ৫/৭ জন ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে। সোমবার সকালে অভিযুক্তরা পূর্ব শত্রুতার জের ধরে লাঠিসোটা, দা, কোদাল, কুড়াল, শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর বাড়ির সামনে থাকা নবনির্মিত ইটের প্রাচীর ভাংচুর করে। তখন ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাড়ি থেকে হয়ে তাদের ভাংচুর করতে নিষেধ করলে তারা মারপিটের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তাদের ওপর আক্রমণ করতে গেলে তারা বাড়ি ছেড়ে দৌড়ে নিজেদের আত্নরক্ষা করে। সেই সুযোগে তারা ভুক্তভোগীর বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে ভাংচুর চালায়। এসময় আলমারি ও শো-কেসের ড্রয়ার ভেঙ্গে নগদ ২ লাখ টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগী আফরুজা পারভীন জানান, নাজিমের নির্দেশে জাকির ও ভুট্রু বাড়িতে ভাংচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে৷ ঘটনার পরে বাড়িতে এসে দেখতে পেলাম ঘরের দরজা ভাঙ্গা আর ভেতরে সবকিছু ছড়িয়ে ছিটিতে আছে। ব্যবসার জন্য রাখা টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। নাজিম লোক ভাড়া করেছে। তারা আমাদের মারার জন্য বাড়ির বাহিরে রেডি হয়ে আছে৷ আমরা বর্তমানে চরম আতংকের মধ্যে আছি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত