শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির আহবায়ক ও মেয়র প্রার্থী ফারুক আহম্মেদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে তিনি মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ২১টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
ফারুক আহম্মেদ বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা যেন কোনো ধরনের শঙ্কা বা ভয়ভীতি ছাড়াই আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। প্রতিটি পূজামণ্ডপের খোঁজখবর রাখা হচ্ছে এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, পুলিশি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও পুলিশ তৎপর রয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই মিলেমিশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন এটাই আমাদের প্রত্যাশা।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, আব্দুল মান্নান সেন্টু, বিএনপি নেতা আজহারুল ইসলাম বাদশা, পৌর যুবদলের সদস্য সচিব (ভারঃ) আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের আহবায়ক দেবাশীষ কুমার চাকী কাজল, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হারুন প্রামাণিক সহ বিএনপি দল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত