চট্টগ্রামের চন্দনাইশে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ হাজার ৬২০ পিস ইয়াবাসহ ফরহাদ উদ্দিন (৩৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৮৬ হাজার টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গাছবাড়িয়া বাইন্যাপুকুরপাড় এলাকায় চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র্যাব-৭-এর একটি দল। এ সময় বাসে থাকা ফরহাদ উদ্দিনের হেফাজত থেকে নীল পলিথিনে মোড়ানো ৪৯টি প্যাকেটে মোট ৯ হাজার ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ফরহাদ উদ্দিন চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। এজাহার সূত্রে জানা যায়, উদ্ধার করা ইয়াবার প্রতিটির আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে মোট বাজারমূল্য ২৮ লাখ ৮৬ হাজার টাকা।
এ ঘটনায় র্যাব-৭-এর চট্টগ্রাম চান্দগাঁও ক্যাম্পের সিপিসি-৩-এর এসসিপিও (এক্স) মো. মিজানুর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার জানান, র্যাবের অভিযানে আটক যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মতামত