গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ি নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে জমির মালিককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এসময় হামলায় আরও ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জমির মালিক আনোয়ার হোসেন আকন্দ (৪১) বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন - রাজাহার এলাকার আবু জাহের মন্টুর ছেলে মশিউর রহমান (৩২), আবুল খায়েরের ছেলে ওবায়দুল হক (২৮), মৃত মোহাম্মদ আলীর ছেলে মুক্তার হোসেন (৫০) ও আবু জাহের মন্টু (৫৫), আব্দুল মান্নানের ছেলে মুসা মিয়া (২৮) ও মিলন মিয়া (২৫), হায়দার আলী মৃধার ছেলে বেলাল মৃধা (৩৮), মৃত জাহিদুল ইসলামের ছেলে নাবিক মিয়া (৩২), খোকা মিয়ার ছেলে রানা মিয়া (৩২), দুবলাগাড়ী এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে কামরুল ইসলাম (৩৫) সহ অজ্ঞাত ২/৩ জন ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আনোয়ার হোসেন এক মাস আগে বানেশ্বর বাজারে রাস্তা সংলগ্ন ১০ শতক জমি ২৫ লাখ টাকা দিয়ে ক্রয় করেন। জমি কেনার পর বাড়ির নির্মাণের উদ্দেশ্যে সেখানে ইট, বালু ও সিমেন্ট সংগ্রহ করে রাখেন। বাড়ি বানানোর নির্মাণ সামগ্রী দেখে মশিউর রহমান, বেলাল মৃধা ও কামরুল ইসলাম তার কাছে একাধিকবার ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা একাধিকবার ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। আজ (বৃহস্পতিবার) সকালে জমির মালিক আনোয়ার, তার ছেলে শামীম ও নিকট আত্নীয় ছানোয়ার সহ রাজমিস্ত্রীরা বাড়ি নির্মাণের উদ্দেশ্যে জমির মাটি খনন শুরু করলে অভিযুক্তরা বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে সেখানে উপস্থিত হয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তখন আনোয়ার সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজ আবু জাহের মন্টুর নির্দেশে মশিউরের হাতে থাকা ছোরা দিয়ে স্বজোরে তার মাথায় কোপ দেয়। এরপর ওবায়দুল হক ও মুক্তার হোসেন তাদের হাতে থাকা লাঠি ও লোহার রড দিয়ে জমির মালিককে বেধড়ক মারধর করতে থাকে। এসময় অন্যান্য অভিযুক্তরা শামীম ও ছানোয়ারকে মারধর করতে থাকে। ঘটনার একপর্যায়ে ওবায়দুল তার ডান পা দিয়ে আনোয়ারের গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তখন তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ভুক্তভোগী আনোয়ার হোসেন আকন্দ বলেন, জমিটির আগের মালিক ২৭ বছর আগে জমিটি কিনেছিলেন। তার নামে জমিটির সর্বশেষ খাজনা খারিজ রয়েছে। আমি জমির দখল স্বত্ব ও কাগজপত্র যাচাই করে জমিটি ক্রয় করেছি। জমিটি বিক্রির সময় তারা ৭ লাখ টাকা দাম করেছিল। কিন্তু আমি ১ মাস আগে সেই জমি ২৫ লাখ টাকা দিয়ে কিনেছি। সেই আক্রোশ থেকে তারা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি টাকা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আক্রমণ চালায়। আমি এই হামলার ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত