বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ও ইতিহাস গবেষক প্রফেসর ড. বেল্লাল হোসেন সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি বিশ্ব শিক্ষক দিবসে কলেজ পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন।
শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে বৃহস্পতিবার রাতে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে বগুড়া ইতিহাস চর্চা গবেষণা কল্যাণ সংস্থা। গুণী শিক্ষকের মর্যাদা পাওয়া প্রফেসর ড. বেল্লাল হোসেনের হাতে স্মৃতি হিসেবে ছবিসংবলিত স্মারক উপহার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি একেএম রাজিউল্লাহ। প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, টিএমএসএস নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি ও ইতিহাস চর্চা গবেষণা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার জানান, বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক প্রফেসর ড. বেল্লাল হোসেন কলেজ পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি লাভের পাশাপাশি সামাজিক অঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছেন। আলোকিত মানুষকে সম্মানিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেন ইতিহাসবিদ, শিক্ষানুরাগী ও বগুড়ার নাগরিকরা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ডা. মতিউর রহমান, বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. এএইচএম মশিহুর রহমান, আনোয়ারুল করিম দুলাল, জজকোর্টের সরকারি কৌশলী এড. শফিকুল ইসলাম টুকু, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, জিয়াউর রহমান, ড. মাসুদ মবিন, ড. শাকিল আহমেদ, জুলফিকার আলী ভুট্টাে, অধ্যাপক ড. হারুন আল রশীদ, অধ্যাপক ড. শিবলুর রহমান, গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, জাহিদুর রহমান, রুবেল রানা, সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, আস্তারী রহমান প্রমুখ।
মতামত