নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে চারটি পৃথক গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। সড়কগুলোর উন্নয়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ১৭ টাকা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় ইউনিয়নের ভুতুলিয়া মোজামের বাড়িসংলগ্ন এলাকা থেকে চকআবরশ দত্তপাড়া পর্যন্ত সড়কের উন্নয়নকাজ উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নওগাঁ সদর উপজেলা কার্যালয় প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। এর মধ্যে ভুতুলিয়া মোজামের বাড়িসংলগ্ন এলাকা থেকে চকআবরশ দত্তপাড়া পর্যন্ত ১ হাজার ৪৫০ মিটার সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৩০৯ টাকা।
সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, পর্যায়ক্রমে আরও তিনটি গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। সড়কগুলোর মধ্যে ভুতুলিয়া থেকে মাকনা কোমলগোটা পর্যন্ত ১ হাজার ৩৫ মিটার সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৪২ টাকা। ভবানীনগর সেতু থেকে নামা কুজাগাড়ি পর্যন্ত ১ হাজার মিটার সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা। এ ছাড়া ভীমপুর বাজার থেকে সোনারপাড়া পর্যন্ত ৮৫০ মিটার সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৪১ টাকা।
চারটি সড়কের মোট দৈর্ঘ্য ৪ হাজার ৩৩৫ মিটার। উন্নয়নকাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াতব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, নওগাঁ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ জাহান দিপু, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন শাহানা, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, নওগাঁ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ এবং নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মতামত