বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ওয়াংরাইপাড়া সীমান্তে চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ অক্টোবর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে ৫০ জনের বেশি মানুষকে এ সেবা দেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) ৫৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় ওয়াংরাইপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও অধিনায়কের দিকনির্দেশনায় মেডিকেল অফিসার ক্যাম্পেইনে চিকিৎসাসেবা দেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
বিজিবি জানায়, স্থানীয় পাড়া কারবারি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়। দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদার করাও এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।
৫৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, ভবিষ্যতেও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকায় পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পেইনসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত