বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে কক্সবাজার জেলার জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই এস এম জিহাদ বাবলু নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট জয়নাব বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই সরূপানন্দ রায়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহ্বায়ক লুৎফুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব নাজিম উদ্দীন আহম্মেদ। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। তাঁদের উপস্থিতিতে পেশাগত বিভিন্ন বিষয়, সাংগঠনিক কার্যক্রম ও পারস্পরিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত নির্বাচনে সাইফুল ইসলাম সভাপতি এবং এস এম জিহাদ বাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁদের নেতৃত্বে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং পেশাগত স্বার্থ সংরক্ষণ ও সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ।
মতামত