নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. শাহাদাত (২৩) নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতের পরিবারের দাবি, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে ঘটনাস্থলে গুলি ছোড়ার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শাহাদাত খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহতের বড় ভাই ও স্থানীয় যুবদল নেতা মো. হাবীব অভিযোগ করে বলেন, তিনি ও তার ভাই বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত ৫ আগস্টের পর থেকে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখি করে আসছিলেন। এর জেরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল।
তার অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ ভূঞা ও রহিম হাজীর ইন্ধনে কয়েকজন যুবলীগ নেতা শাহাদাতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে জাবেদ, মোরশেদ, মাসুম ও রিয়াদের নেতৃত্বে শাহাদাতকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার তলপেট ও উরুতে ২৬টি ছররা গুলি লাগে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মফিজ ভূঞা ও রহিম হাজীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফলে অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, "বিকেলে এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে রাতে অভিভাবকরা দুই পক্ষ হয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। আহত শাহাদাতের পরিবার গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ করেছে।"
তিনি আরও বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে গুলি ছোড়ার কোনো আলামত পায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।"
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত