ডাকাতদের ভয়ে মরনাপ্ন হয়ে আছে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের 'ছিলনী' গ্রামের সাধারণ মানুষ। এলাকায় গত তিন দিন ধরে চলছে ধারাবাহিক ডাকাত দলের হানা। বারবার স্থানীয় প্রশাসন ও ইটনা থানাকে জানানোর পরেও কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় চরম ক্ষোভ ও আতঙ্কে দিন কাটছে পুরো এলাকার। জানমাল রক্ষায় শেষ পর্যন্ত বাধ্য হয়েই বৃষ্টির মধ্যে ভিজে লাঠিসোঁটা হাতে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, গত তিন দিন ধরে রাতের আঁধারে ছিলনী গ্রামে সশস্ত্র ডাকাত দল হানা দিচ্ছে। ডাকাতদের উপদ্রবে এলাকার শিশু, নারী ও বৃদ্ধসহ সর্বস্তরের মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতি রাতেই কোনো না কোনো বাড়িতে হামলার চেষ্টা চালানো হচ্ছে।
গ্রামের এক ভুক্তভোগী হিমেল নামে এক যুবক ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করে বলেন, "টানা ৩ দিনের মতো আজকেও আমাদের গ্রামে ডাকাতরা আক্রমণ করার চেষ্টা করেছে। বারবার আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো সমাধান মেলেনি। আজকে এই মুষলধারে বৃষ্টির মধ্যে ভিজে পাশের গ্রামে গিয়ে আমাদের পাহারা দিতে হয়েছে। প্রশাসন যদি আমাদের নিরাপত্তা না দেয়, তবে আমরা এভাবে আর কত দিন টিকব?"
এলাকাবাসীর অভিযোগ, ডাকাত আতঙ্কের বিষয়ে স্থানীয় থানাকে বারবার অবহিত করা হলেও পুলিশের পক্ষ থেকে কোনো টহল বা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এমন উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা এখন নিজেদের নিরাপত্তার স্বার্থে গ্রামভিত্তিক 'পাহারাদার দল' গঠন করেছেন। যুবকেরা দলবদ্ধ হয়ে বাঁশি, টর্চলাইট ও লাঠিসোঁটা নিয়ে সারারাত বৃষ্টির মধ্যে গ্রাম পাহারা দিচ্ছেন। এলাকার প্রতিটি প্রবেশপথে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সন্দেহজনক কাউকে দেখলেই জিজ্ঞেসাবাদ করা হচ্ছে এবং ছিলনী জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত এই গ্রামে পুলিশি টহল জোরদার না করা হলে যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ বা বড়সড় ডাকাতির ঘটনা ঘটে যেতে পারে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অনতিবিলম্বে জেলা পুলিশ ও যৌথ বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় গ্রামবাসী।
মতামত