পাবনার ভাঙ্গুড়া উপজেলার চন্ডিপুর এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে পরিচালিত অভিযানে চন্ডিপুর গ্রামের বাসিন্দা মো. মুত্তালিব হোসেন (৪০), পিতা—মৃত মোক্তার হোসেনকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মুত্তালিব হোসেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামের ভাতিজা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। তিনি জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মতামত