কুড়িগ্রামে বিয়ের পর স্বর্ণালংকার, গৃহস্থালির আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ও নগদ অর্থ নিয়ে স্ত্রী চলে যাওয়ার অভিযোগ এনে আইনগত প্রতিকার চেয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পাদন করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
অভিযোগকারী নূর মোহাম্মদ জানান, ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হওয়ার পর তারা দাম্পত্য জীবন শুরু করেন। তার দাবি, অসুস্থতার কারণে কর্মস্থল থেকে ছুটিতে নিজ বাড়িতে যাওয়ার সুযোগে তার ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, গৃহস্থালির বিভিন্ন আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ও নগদ অর্থ নিয়ে তার স্ত্রী চলে যান।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি জানার পর তিনি একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও অভিযুক্ত নারীর কোনো বক্তব্য পাননি। অভিযোগকারীর দাবি, পরবর্তীতে তাকে বিভিন্নভাবে হুমকি ও অশোভন ভাষায় গালিগালাজ করা হয়। পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টির সমাধানের চেষ্টা ব্যর্থ হলে তিনি আইনের আশ্রয় নেন।
অভিযোগকারী আরও দাবি করেন, পরবর্তীতে নোটারি পাবলিকের মাধ্যমে তালাক-সংক্রান্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়। তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভুক্তভোগীর ভাষ্য, ন্যায়সঙ্গত তদন্তের মাধ্যমে তিনি আইনগত প্রতিকার প্রত্যাশা করছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অভিযোগের পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত নারীর বক্তব্য জানার জন্য একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযোগের বিষয়গুলো তদন্ত করে সত্যতা মিললে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত