গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ধানখুনিয়া (রথেরবাজার) এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
বুধবার (১৫ জুলাই) বিকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত আশরাফ প্রধান উপজেলার নাকাই ইউনিয়নের ধানখুনিয়া (রথেরবাজার) এলাকার আবজার আলীর ছেলে। ভুক্তভোগী কিশোরী গ্রাম সম্পর্কে তার ভাগ্নি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরী গত শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে বাড়ির পিছনে টয়লেটে প্রবেশের সময় প্রতিবেশী আশরাফ প্রধান কিশোরীর মুখ চেপে ধরে বাড়ির পিছনে বাগানে নিয়ে যায়। এরপর পরনের জামা কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে কিশোরী তার বুকে জোরে লাথি দেয়। এতে সে ক্ষুব্ধ হয়ে কিশোরীর গলা টিপে ধরে হত্যার হুমকি দেয়। একপর্যায় কিশোরী অভিযুক্তের হাতে কামড় দেয়। ব্যথায় সে গলা থেকে হাত ঢিলা করলে কিশোরী জমি থেকে দ্রুত উঠে দৌড় দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। সেই সময় আশরাফ পিছনে থেকে কিশোরীকে ধরার চেষ্টা করে ব্যর্থ হলেও তার ওড়না টেনে নেয়।
কিশোরী বাড়ি এসে ঘটনাটি তার নানা-নানীকে জানালে তারা টর্চ লাইট নিয়ে খুঁজতে বের হলে লম্পট আশরাফ বিষয়টি আঁচ করতে পেরে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় কতিপয় ব্যক্তিবর্গ বিচারের নামে ঘটনাটি ধামাচাপার চেষ্টা করলে গত সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী কিশোরী বলেন, আমি অসহায়। আমার বাবা নেই, মা নেই। কেন আমার সাথে এমন করলো? এখন এর যদি বিচার না হয়, তাহলে এরপর আমার সাথে আবার এমন করতে পারে। তখন আমাকে মেরেও ফেলতে পারে। আমি এই ঘটনার বিচার চাই।
ভুক্তভোগীর মামা মিন্টু মিয়া বলেন, আমি ঢাকা থেকে ঘটনাটি শুনে রওনা হই। বাসের ভেতরে থাকা অবস্থায় রাত ১২টা শুনতে পেলাম গ্রামের লোকজন মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল বিচার করবে। বাড়ি এসে শুনলাম পাঁচদিন পরে আশরাফের বিচার করবে।
ভুক্তভোগীর মামী রুলি বেগম বলেন, আমরা অসহায় একটা মেয়েকে বাড়িতে রেখে ঢাকায় কাজ করি। তাকে ধর্ষণের চেষ্টা করে আশরাফ। আমার বাবা গ্রামের মানুষের কাছে বিচার দিলে ওরা বিচারের নামে প্রহসন শুরু করে। তার মানে উনারা বিচার করবে না, এভাবে ঘুরাতে থাকবে। পরে আমরা আইনের আশ্রয় নিই।
স্থানীয় বাসিন্দা বুলবুল প্রধান বলেন, আমাদের মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে। আমরা এর জন্য বিচার চাই। তখন কেউ বাড়িতে না থাকার সুযোগে মেয়েটাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এজন্য আমরা দাবি করছি তার শাস্তি হোক।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ধর্ষনের চেষ্টা অভিযোগে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
মতামত