নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. শহিদুল আলম (৮২)-এর স্ত্রী মোছা. ফাতেমা খাতুনকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের পর মৃত্যুর ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে নওগাঁ জেলা পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত হাসিনা বেগম এবং লুট করা স্বর্ণালংকার কেনার অভিযোগে জুয়েলারি ব্যবসায়ী ইমরানকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, গত ২৩ জুন নওগাঁ শহরের চুড়িপট্টি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তি ফাতেমা খাতুনকে কৌশলে রিকশায় তুলে অজ্ঞান করে তার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৬ জুন সকালে তিনি মারা যান। এ ঘটনায় নওগাঁ সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। তদন্তে শহরের ৮০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তথ্যপ্রযুক্তির বিভিন্ন উপাত্ত এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করা হয়।
তদন্তের একপর্যায়ে গত ১৫ জুলাই নওহাটা এলাকা থেকে সন্দেহভাজন হাসিনা বেগমকে গ্রেফতার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন হাসিনা বেগম বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে অধ্যাপক শহিদুল আলম ও তার স্ত্রী ফাতেমা খাতুনের সঙ্গে পরিচিত হন। পরে চুড়িপট্টির স্টারলাইট ফার্মেসির সামনে থেকে কৌশলে ফাতেমা খাতুনকে আলাদা করে রিকশায় তোলেন। এ সময় অধ্যাপক শহিদুল আলম মিষ্টি কিনতে অন্যদিকে গেলে সুযোগটি কাজে লাগানো হয়।
রিকশায় থাকা অবস্থায় হাসিনা বেগম জুসের সঙ্গে অতিরিক্ত মাত্রার ঘুমের ওষুধ (জিওনিল-এক্স) মিশিয়ে ফাতেমা খাতুনকে পান করান বলে পুলিশের দাবি। এতে তিনি অচেতন হয়ে পড়লে তার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে নেওয়া হয়। পরে নওগাঁ শহরের ময়লাপট্টি এলাকার নদীর পাড়ে একটি বেঞ্চে তাকে রেখে অভিযুক্ত সেখান থেকে চলে যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফাতেমা খাতুনের মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, লুট করা স্বর্ণালংকার ৫০ হাজার টাকায় জোয়ারদার জুয়েলার্সের ব্যবসায়ী ইমরানের কাছে বিক্রি করেন হাসিনা বেগম। পরে ইমরানকে গ্রেফতার করা হলে তিনি হাসিনা বেগমের কাছ থেকে ওই স্বর্ণালংকার কেনার বিষয়টি স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ শহরে অজ্ঞান পার্টিসহ সব ধরনের অপরাধ কঠোরভাবে দমন করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”
মতামত