বগুড়ায় ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক মাদক কারবারিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ইমদাদুল হক বগুড়ার কাহালু উপজেলার যোগীরভবন মণ্ডলপাড়ার ওয়াহেদ ওরফে বাবলুর ছেলে।
বুধবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মো. হাবিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৩ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদর থানার তৎকালীন এসআই জিলালুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার দাড়িয়াল পাকুরতলা এলাকার লতিফের হোটেলের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় ইমদাদুল হককে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এজেএম শামসুদ্দীন স্বপন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রুবেল ইসলাম।
মতামত