এক কলেজছাত্রীর করা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়টি বর্তমানে তদন্তাধীন থাকলেও লিখিত অভিযোগে উল্লেখিত ঘটনার ধারাবাহিকতা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা বা অসত্যতা সম্পর্কে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী দাবি করেন, পরীক্ষা শেষে তিনি কলেজের একাডেমিক ভবনের সামনে এসে জানান যে, তার কিছু টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পরীক্ষা কক্ষে রয়ে গেছে। পরে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা একজন চতুর্থ শ্রেণির কর্মচারীকে কেন্দ্রের তালা খুলে সেগুলো এনে দিতে নির্দেশ দেন। অভিযোগ অনুযায়ী, তিনি ওই কর্মচারীর সঙ্গে ভবনের দ্বিতীয় তলায় যান।
অভিযোগে আরও বলা হয়, দ্বিতীয় তলায় ওঠার সময় সিঁড়িঘরে অভিযুক্ত কর্মচারী তার হাত ধরে টানাটানি ও ধস্তাধস্তি করেন। পরে তিনি সেখান থেকে নিচে নেমে আসেন এবং কাউকে কিছু না জানিয়ে বাড়ি ফিরে যান। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনাটি ঘটে ৬ জুলাই এবং ১২ জুলাই লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করেছে। একই সঙ্গে কলেজ পরিচালনা পরিষদও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করছে। এদিকে, অভিযোগের পর প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে অভিযুক্ত কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এদিকে, অভিযোগের বিবরণ নিয়ে বিভিন্ন মহলে কয়েকটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। অভিযোগ অনুযায়ী, যদি দ্বিতীয় তলায় ওঠার সময়ই ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং শিক্ষার্থী সঙ্গে সঙ্গে নিচে নেমে আসেন, তাহলে পরীক্ষা কক্ষে থাকা টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র কীভাবে উদ্ধার করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এছাড়া স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, ঘটনার দিন শিক্ষার্থী নিচে নেমে কলেজের এক শিক্ষকের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে বাড়ি ফিরে যান। এ কারণে ঘটনার ছয় দিন পর অভিযোগ দায়েরের বিষয়টিও স্থানীয়দের আলোচনায় এসেছে। তবে এই দাবিগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যের ভিত্তিতেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে তারা মনে করছেন।
মতামত