দিনাজপুর শহরে প্রশাসন ও পুলিশ ক্যাডারের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মোশাররফ হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের কালুর মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। মোশাররফের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈর গ্রামে বলে জানা গেছে।
শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রাবাসে অবস্থানকালে তার পরিচয় ও আচরণ নিয়ে সন্দেহ দেখা দিলে শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি নিজেকে এসএসসি পাস বলে স্বীকার করেন বলে দাবি করেন উপস্থিত ব্যক্তিরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযোগ রয়েছে, মোশাররফ বিভিন্ন সময় নিজেকে ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডার, ২৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডার এবং ৪৯তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশের মাধ্যমে তিনি নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে উপস্থাপন করতেন বলেও অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্র জানায়, আটকের খবর পেয়ে রাঙামাটি থেকে এক তরুণী এবং নীলফামারী থেকে এক অভিভাবক দিনাজপুরে এসেছেন। প্রাথমিক অনুসন্ধানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার অ্যাকাউন্টে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
রাঙামাটি থেকে আসা এক তরুণীর অভিযোগ, বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে মোশাররফ তার কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা নিয়েছিলেন। পরে টাকা ফেরত চাইলে তিনি তা দেননি।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আরও কেউ তার প্রতারণার শিকার হয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
মতামত