পাবনার ভাঙ্গুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা বড়িসহ সোয়াত ইমন প্রামানিক (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার নৌবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার ভদ্রপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় নৌবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন সোয়াত ইমনকে আটক করে তার দেহ তল্লাশি করলে ১০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আজম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে ভাঙ্গুড়া উপজেলাজুড়ে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত