নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের সেচ সংযোগের ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির অভিযোগে আল আমিন ওরফে দিপু (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আল আমিন টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
মোহনগঞ্জ থানা ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই রাতে উপজেলার উত্তর জগদীশপুর এলাকায় সেচ কাজে ব্যবহৃত ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার পর চোরচক্রকে শনাক্ত করতে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে চুরি হওয়া যন্ত্রাংশগুলো পাশের একটি এলাকায় লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বিকেলে নগর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল নিতে আসা অবস্থায় আল আমিনকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পল্লী বিদ্যুতের ঝিমটি অভিযোগকেন্দ্রের লাইন টেকনিশিয়ান ইনচার্জ মো. ওবাইদুল্লাহ ইকবাল বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, গ্রেপ্তার আল আমিনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত