ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস মাদকজাতীয় ইনজেকশনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
২৬ জুলাই গভীর রাতে ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকার ‘মেসার্স ইভা ফিলিং স্টেশন’-সংলগ্ন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করে ত্রিশাল থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ৩০ পিস মাদক ইনজেকশন উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. আব্দুর রাজ্জাক (৩৮)। তিনি ফুলপুর উপজেলার নাকাগাঁও গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি ত্রিশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উজানপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদক ইনজেকশনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
মতামত