কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বসতবাড়ি থেকে মো. আদম আলী (৫৫) ও তার স্ত্রী মোছা. বেহুলা বেগম (৪৬)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাদের হেফাজত থেকে ২৫২ পিস ইয়াবা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।"
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মতামত