হত্যা মামলার আতঙ্কে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামের অনেক পুরুষ সদস্য এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন—এমন পরিস্থিতিতে গ্রামে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে ত্রাস সৃষ্টি, জমির পাট কাটতে বাধা, নারীকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
পুরুষশূন্যতার সুযোগ নিয়ে অভিযুক্তরা এলাকায় ভয়ভীতি ও দাপট দেখাচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। এমনকি নিজেদের জমির পাট কাটতে শ্রমিক নিয়ে মাঠে গেলেও বাধার মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেছেন ইতালিপ্রবাসীর স্ত্রী তানিয়া বেগম। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে সোমবার (২৮ জুলাই) সালথা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি হত্যা মামলার পর গ্রেপ্তার এড়াতে কুমারকান্দা গ্রামের বেশ কয়েকজন পুরুষ আত্মগোপনে রয়েছেন। তানিয়া বেগমের স্বামী ইতালিতে থাকায় সন্তানদের নিয়ে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করেন। পরিবারের পুরুষ সদস্য না থাকায় নিজেদের জমির পাট কাটতে বাইরের শ্রমিক নিয়োগ করেন তিনি।
তবে অভিযোগ, শ্রমিকরা পাট কাটতে মাঠে গেলে অভিযুক্তরা তাদের গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। এতে নিজেদের জমির ফসল ঘরে তোলা নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন তানিয়া ও তাঁর পরিবার।
লিখিত অভিযোগে তানিয়া বেগম উল্লেখ করেন, গত ২৭ জুলাই সকাল ৯টার দিকে শ্রমিকরা জমিতে পাট কাটতে গেলে অভিযুক্তরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মারধরের চেষ্টা চালান। এর প্রায় এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে অভিযুক্তরা তাঁর বাড়িতে গিয়ে হামলা চালান। এতে তিনি আহত হন বলে অভিযোগ করেন।
তানিয়ার দাবি, হামলার সময় তাঁর গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক খুলে নেওয়া হয়। ঘটনার ভিডিওচিত্রও তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
তানিয়া বেগমের অভিযোগ, তাঁর ওপর হামলার খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। তবে যাওয়ার সময় রাতে এসে তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন। অভিযুক্তদের ভয় ও বাধার কারণে নিজেদের জমির পাটও কাটতে পারছেন না বলে অভিযোগ তাঁর।
লিখিত অভিযোগে ওয়ারেছ ফকির, ইয়ার আলী ফকির, ইব্রাহিম সরদার, রুপনা বেগম ও মিজানুর ফকিরকে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, সংশ্লিষ্ট হত্যা মামলার পর থেকেই এলাকায় ভয়ভীতি ও প্রভাব বিস্তারের ঘটনা বেড়েছে। সরকারি স্কুলের জমি দখল করে ঘর নির্মাণ এবং বাজারের বিভিন্ন দোকানে ডাবল তালা লাগিয়ে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় বাধা দেওয়ার অভিযোগও করেছেন তারা।
এ ছাড়া নিরীহ মানুষকে মামলার আসামি করার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগও উঠেছে। এসব ঘটনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়দের দাবি।তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মতামত