জামালগঞ্জে ঝটিকা অভিযানে ১১ বোতল বাংলা মদ জব্দ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১১ বোতল অবৈধ বাংলা মদ জব্দ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) জামালগঞ্জ উপজেলা মাদক বিরোধী ঐক্য পরিষদের গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
সংগঠনের দাবি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সাচনাবাজার ইউনিয়নের পলক দক্ষিণ হাঁটি গ্রামের কৃষ্ণ দীর্ঘদিন ধরে অবৈধ বাংলা মদের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ তথ্যের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ১১ বোতল বাংলা মদ জব্দ করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্তকে বাড়িতে পাওয়া যায়নি।
এ সময় বাড়িতে উপস্থিত তাঁর স্ত্রীকে মাদক ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্ক করা হয় বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারীরা।
পরে সাচনাবাজার এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতিতে জব্দকৃত ১১ বোতল বাংলা মদ জনসমক্ষে ধ্বংস করা হয়।
জামালগঞ্জ উপজেলা মাদক বিরোধী ঐক্য পরিষদের নেতারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসন ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান তারা।
মতামত