খুলনা পাইকগাছার উপজেলার গড়ুইখালী ইউনিয়নের বাইনবাড়িয়া গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। বড় ভাইয়ের স্ত্রীর ডেকে আনা স্বজনদের হামলায় বিশ্বজিৎ বাছাড় (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত বিশ্বজিৎ বাছাড়কে উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত বিশ্বজিৎ বাছাড়ের অভিযোগ, প্রায় এক মাস আগে বড় ভাইয়ের স্ত্রী আরতি রানীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে বড় ভাই বিষয়টি জানতে চাইলে তিনি বিস্তারিত জানান। এর জেরে সোমবার রাতে আরতি রানী তার ভাই শিবপদ মণ্ডল, অমিত মণ্ডল ও শংকর মণ্ডলকে ডেকে আনেন।
অভিযোগ অনুযায়ী, তারা তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং মাথা ফেটে যায়। ঘটনার সময় স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আরতি রানীর স্বামী দ্বীলিপ বাছাড়। তিনি বলেন, “আমরা কাউকে মারধর করিনি।” এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিক্কার আলী বলেন,
ঘটনাটি তিনি শুনেছেন। আহত ব্যক্তি চিকিৎসা শেষে থানায় অভিযোগ বা মামলা করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত