দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্ত এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদ ও ৫২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি সর্বদা সচেষ্ট রয়েছে। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ জুলাই রাত ৯টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বাশালগাঁও বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৯/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতহাজরা এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ছাড়া আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১টা ৩০ মিনিটে চাপসার বিওপির একটি টহল দল পৃথক আরেকটি চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ৩৪৬/২-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম সংলগ্ন মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৫২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।”
মতামত